back to top
Home প্রচ্ছদ শিক্ষার পরিবেশ উন্নয়নে কালীগঞ্জে ৫ বিদ্যালয়ে নতুন ভবন

শিক্ষার পরিবেশ উন্নয়নে কালীগঞ্জে ৫ বিদ্যালয়ে নতুন ভবন

60

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশ নেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন।


মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন

সকাল ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের ঐতিহ্যবাহী মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে এম ফজলুল হক মিলন বলেন, একটি ছোট্ট সমাজ থেকেই বড় রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যুবশক্তি। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু নতুন ভবন নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর একটি সমাজের ভবিষ্যৎ নির্ভর করে।


ভবন নয়, শিক্ষার মানই মূল বিষয়

শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষকদের যেমন আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে, তেমনি শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, বিদ্যালয়ের ভবন বা অবকাঠামোর সঙ্গে শিক্ষার প্রকৃত মান সরাসরি নির্ধারিত হয় না। নতুন ভবন শিক্ষার পরিবেশকে সহায়ক করতে পারে; তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পরিশ্রম প্রয়োজন।


খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব

শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এ কে এম ফজলুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার সুযোগ তৈরি হবে।


স্থানীয়দের কর্মসংস্থানের আহ্বান

কালীগঞ্জের শিল্পকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার ওপরও গুরুত্ব দেন সংসদ সদস্য।

তিনি বলেন, স্থানীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে এলাকার বেকারত্বের সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।


অনুষ্ঠানে যারা ছিলেন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার ও ইব্রাহিম প্রধান।

এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকাসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও চার বিদ্যালয়ে ভবন উদ্বোধন

মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এ কে এম ফজলুল হক মিলন পর্যায়ক্রমে কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী এলাকায় বেলাই বিলে মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।