
উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক; এ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। রোববার জারি করা সার্কুলারে বলা হয়েছে, সর্বোচ্চ ২০ লাখ টাকার অর্থায়ন প্যাকেজের মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ এবং ঋণের সমপরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।
ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেওয়া হবে। তবে উদ্যোক্তা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে দেওয়া পুরো অর্থ ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ অনুদান হিসেবে পাওয়া অর্থের সুবিধা নিশ্চিত করতে উদ্যোক্তাকে ঋণের অংশ পুরোপুরি পরিশোধ করতে হবে।
আইনে নিষিদ্ধ কোনো ব্যবসায়িক কার্যক্রম এ কর্মসূচির আওতায় অর্থায়ন পাবে না। ঋণের জন্য প্রতিটি ব্যাংকের শাখা ও ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে। উপজেলা পর্যায়ে সব ব্যাংক আবেদন গ্রহণ করলেও একটি ব্যাংক ‘লিড ব্যাংক’ হিসেবে দায়িত্ব পালন করবে। জেলা পর্যায়ে লিড ব্যাংক আবেদন যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে উদ্যোক্তা ঋণের জন্য মনোনীত হলে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে ব্যাংক।
ঋণ পাওয়ার যোগ্যতা
• বাংলাদেশের প্রাপ্তবয়স্ক নাগরিকরা এ কর্মসূচির আওতায় আবেদন করতে পারবেন। তবে আবেদন গ্রহণের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে;
• আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
• উদ্যোক্তার নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ বা ব্যবসায়িক ধারণা থাকতে হবে অথবা নতুন ব্যবসা স্থাপনের বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে;
• ব্যবসা পরিচালনা ও অর্থায়নের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রস্তাব যথাযথভাবে উপস্থাপন করতে হবে;
• আগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকলে সংশ্লিষ্ট আবেদনকারী এ কর্মসূচির আওতায় বিবেচিত হবেন না;
• কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত ব্যক্তি এ কর্মসূচির আওতায় আবেদনের যোগ্য হবেন না। সিআইবি যাচাইয়ে খেলাপি প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে;
• সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি এ কর্মসূচির আওতায় অর্থায়নের জন্য যোগ্য হবেন না; এবং
• অসত্য তথ্য দেওয়া বা অন্যের ব্যবসায়িক ধারণা নিজের নামে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে আবেদন যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এবং আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করা হবে।
বাংলাদেশ ব্যাংক গত ৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ চালুর ঘোষণা দিয়েছিল।
































