
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত একটি কথিত মানববন্ধনকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। মানববন্ধনে কালীগঞ্জের কয়েকজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি এবং অবৈধভাবে বালু উত্তোলন ও ভরাটের মতো অভিযোগ তোলার প্রতিবাদে সংগঠনটির নেতারা এ বক্তব্য দেন।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধন সম্পর্কে বিএনপির নেতৃবৃন্দের দেওয়া এক প্রতিবাদলিপিতে দাবি করা হয়, কাউকে অবহিত না করে অতি গোপনে ‘বিগত আওয়ামী লীগ সরকারের কতিপয় দোসর’ মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে সেখানে কয়েক মিনিটের একটি ঝটিকা মানববন্ধনের আয়োজন করে। এর মাধ্যমে কালীগঞ্জের বিভিন্ন সম্মানিত ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে দু-চারজন ছাড়া অধিকাংশই কালীগঞ্জের স্থানীয় বাসিন্দা নন। বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করে মানববন্ধন আয়োজনের মাধ্যমে কালীগঞ্জের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং নির্দিষ্ট ব্যক্তিদের হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতারা।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ এ ধরনের প্রচারণায় প্রকাশ্যে ইন্ধন ও সমর্থন দিচ্ছে বলেও প্রতিবাদলিপিতে জানানো হয়।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণসহ আইনগত প্রক্রিয়ায় তা উপস্থাপন করা উচিত। সাজানো মানববন্ধন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে কাউকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদলিপিতে মানববন্ধনে অংশগ্রহণকারীদের পরিচয় ও কালীগঞ্জের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই, এর অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার বিষয়টি তদন্ত এবং মানববন্ধনে প্রচারিত অভিযোগ, ভিডিও ও ছবির সত্যতা যাচাইয়ের দাবি জানানো হয়েছে। অভিযোগ সত্য হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক হোসেন আরমান মাষ্টার এবং সদস্য সচিব ইব্রাহিম প্রধান।































